- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- যৌবনের গান [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বৈশাখের এক ভয়াল ঘূর্ণিঝড়ে হিমেলের কলেজের পার্শ্ববর্তী মধুপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নানাভাবে সাহায্য করার জন্য তিন দিন কলেজ বন্ধ ঘোষণা করা হয়। হিমেলের নেতৃত্বে ছাত্রদের একটি দল অসহায় মানুষদের সহায়তা। দেওয়ার জন্য দুর্গত এলাকায় পৌছায়। তারা নিরলসভাবে সেখানে কাজ করে চলে। অপরদিকে তিন দিনের ছুটি পেয়ে মজিদ, মোবাশ্বের, রতনসহ আরও অনেকে বাড়ি চলে যায়। আবার কেউ কেউ আড্ডা জমিয়ে ছুটির দিনগুলো কাটিয়ে দেয়।
যৌবন ও বার্ধক্যের যে দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে 'যৌবনের গান' প্রবন্ধের আলোকে তা বিশ্লেষণ করো।
উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধ উভয়স্থানেই যৌবনের উদ্দীপনা ও অপরিসীম ঔদার্য এবং বার্ধক্যের অসাড়তা প্রকাশিত হয়েছে।
'যৌবনের গান' প্রবন্ধে যৌবনকে গতিশীল বলে উল্লেখ করা হয়েছে। যৌবন ও তারুণ্যের কোনো জাতি, ধর্ম, বর্ণ নেই। যৌবন তার লক্ষ্যে অটল, অবিচল থাকে। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে যৌবন লক্ষ্যে এগিয়ে যায়। নতুনের নেশায় সবসময় যৌবন বার্ধক্যকে এড়িয়ে চলে। অপরদিকে, বার্ধক্য হলো আধুনিকতার প্রতি প্রবল অবিশ্বাস ও সন্দেহ। বার্ধক্য যাদের জড়িয়ে ধরে তারা শতাব্দীর নবযাত্রায় পা মেলাতে পারে না। বার্ধক্যের কাছে সুন্দর কিছু আশা করা যায় না।
উদ্দীপকের হিমেল যৌবনের গতিতে গতিশীল। তাই মানুষের দুঃখকষ্ট দেখে সে নিজেকে স্থির রাখতে পারেনি। বৈশাখের ঘূর্ণিঝড়ে যখন মধুপুর এলাকা ক্ষতিগ্রস্ত হয়, তখন হিমেলের নেতৃত্বে ছাত্রদের একটি দল অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে। সেখানে তাদের সেবাপরায়ণতা ও কঠোর পরিশ্রম লক্ষণীয়।
উদ্দীপকের হিমেলের প্রবণতা দেখে আমরা সহজেই বুঝতে পারি যে, তার ভিতর রয়েছে উদ্দীপ্ত যৌবন। যৌবনের ধর্ম অনুযায়ী সে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। অপরদিকে মজিদ, মোবাশ্বের, রতনসহ আরও অনেকে মানুষের বিপদে তাদের পাশে না দাঁড়িয়ে বাড়ি চলে গেছে। আবার তাদেরই কেউ কেউ শুধু আড্ডা দিয়ে সময় নষ্ট করেছে। এদের ভিতর যৌবনের কোনো লক্ষণ নেই। বার্ধক্যের জড়তা এদের শরীরকে গ্রাস করেছে। আত্মাকে করেছে পঙ্গু। তাই এরা বয়সে তরুণ হলেও মনে তরুণ নয়; কঙ্কালসার বৃদ্ধ।
উত্তরের সারবস্তু: 'যৌবনের গান' প্রবন্ধের বক্তব্য অনুযায়ী উদ্দীপকের হিমেলের নেতৃত্বে ছাত্রদের যে দল অসহায় মানুষদের সহায়তার জন্য এগিয়ে যায়, তাদের মধ্যে যৌবনের প্রকৃত স্বরূপ ফুটে উঠেছে। পক্ষান্তরে মজিদসহ অন্য যারা বাড়ি চলে যায় তাদের মধ্যে বার্ধক্যের জড়তা প্রকাশিত হয়েছে।

