- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হিটলার ও মুসোলিনীর উত্থান
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
হিটলার ও মুসোলিনীর উত্থান
মুসোলিনির নেতৃত্বে ইতালির অভ্যন্তরীণ পুনর্গঠন
মুসোলিনি ক্ষমতালাভের পর থেকে একনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সরকারব্যবস্থাকে ফ্যাসিকরণ শুরু করেন। পার্লামেন্টকে ফ্যাসিকরণ করা হয়। নির্বাচনসংক্রান্ত সংস্কার বিল পাস করিয়ে নেওয়া হয়, যাতে বলা হয়- নির্বাচনে যারা সর্বাধিক ভোট পাবে তারা পার্লামেন্টে তিন ভাগের দুই ভাগ আসন লাভকরবে। দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে নির্বাচনে জয়ী পার্লামেন্টকে ফ্যাসিস্ট পার্লামেন্টে পরিণত করা হয়। মুসোলিনির অনুমতি ব্যতীত পার্লামেন্টে কোনো আইন পাস করা যাবে না বলে ঘোষণা করা হয়। আইন প্রণয়নকারী ঘোষণা প্রদানের ক্ষমতা মুসোলিনিকে অর্পণ করা হয়। স্থানীয় পর্যায়ে সকল নির্বাচন বাতিল করে স্থানীয় সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। এ সমস্ত নীতির বিরোধীদের দমনের জন্য কঠোর আইন প্রণয়ন করা হয়। ফ্যাসিবাদী পত্রিকা ছাড়া অন্য সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। তার শাসনবিরোধী ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য অভ্রা নামে একটি গুপ্ত পুলিশ সংস্থা গঠন করা হয়। সামরিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হতো। এককথায় ইতালি থেকে সকল প্রকার উদারনীতি যেমন-রাজনীতি, মতামতের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নির্বাসিত হয়।
মুসোলিনি ক্ষমতা দখল করে সরকারি প্রশাসনযন্ত্রকে ফ্যাসিস্ট দলের মুঠোয় আনার জন্য 'ফ্যাসিস্ট গ্রান্ড কাউন্সিলের' হাতে সর্বময় ক্ষমতা অর্পণ করেন। মুসোলিনি এতে ইচ্ছামতো যেকোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত বা পদচ্যুত করতে পারতেন। দশ হাজার ফ্যাসিস্ট শাখাকে গ্রান্ড কাউন্সিলের অনুরূপ প্রাদেশিক ফেডারেশনে পরিণত করা হয়। মুসোলিনি কর্তৃক মনোনীত ব্যক্তিকে রাজা মহাসচিব নিয়োগ করতেন। একই প্রক্রিয়ায় মহাসচিব প্রাদেশিক সচিব এবং প্রাদেশিক সচিব স্থানীয় সচিব নিয়োগ করতেন। এভাবে উপর থেকে নিচের দিকে ফ্যাসিস্ট পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ইতালির শিশু, কিশোর ও যুবকদের ফ্যাসিবাদের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য ৪-২০ বছরের যুবকদের ৪টি ক্যাডারে বিভক্ত করা হয়। এরা বালিল্লা বা অভান্ত গার্দিয়া বা জিওভানি ফ্যাসিস্ট প্রভৃতি সংগঠনের মাধ্যমে নিজের যোগ্যতা ও বিশ্বস্ততার পরিচয় দিয়ে চাকরির ব্যবস্থা করত। স্কোয়াড্রিস্টি বা ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবকদের নিয়মিত সেনাদলে ভর্তি করা হতো। ১৯২৮ খ্রিষ্টাব্দে ফ্যাসিস্ট পার্টিকে ইতালির সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

