• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

অসহযোগ আন্দোলন Non-co-operation Movement

১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয়ে পশ্চিম পাকিস্তানের কায়েমী স্বার্থবাদীরা আতঙ্কিত হয়ে ওঠে। পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ১৫ ফেব্রুয়ারি ১৯৭১ খ্রিষ্টাব্দে ঘোষণা করেন, "পশ্চিম পাকিস্তানের নির্বাচিত সদস্যদের ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করতে দেওয়া হবে না। এরপরও জাতীয় পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হলে তা কসাইখানায় পরিণত হবে।" ভুট্টোর পরামর্শে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ষড়যন্ত্র শুরু করে। ১ মার্চের এক ঘোষণায় ইয়াহিয়া খান বললেন, “৩ মার্চের ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পরিষদের প্রথম অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।" এ ঘোষণার ক্ষেত্রে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার আলাপ-আলোচনা প্রয়োজনবোধ করলেন না। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের সিদ্ধান্তের পেছনে তিনি দুটি কারণ উল্লেখ করেন- (১) পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল পি.পি.পি. এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় পরিষদ অধিবেশনে যোগদান না করার সিদ্ধান্ত এবং (২) ভারত কর্তৃক পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে অস্থিরতা সৃষ্টি। অবশ্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, দেশে যে মুহূর্তে স্বাভাবিক ও সুস্থ অবস্থা ফিরে আসবে তখনই তিনি কালবিলম্ব না করে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করবেন। বাস্তব ক্ষেত্রে এটা ছিল তাঁর রাজনৈতিক চাতুরতা। পূর্ব বাংলার সাধারণ মানুষ বুঝতে পারে, যে কারণ দেখিয়ে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের নির্ধারিত অধিবেশন স্থগিতের ঘোষণা দেন তা একটি অযুহাত মাত্র। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার অব্যবহিত পরই পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর এস. এম. আহসান যিনি বাঙালিদের দাবি-দাওয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সহানুভূতিশীল ছিলেন তাকে সরিয়ে তাঁর স্থলে গভর্নর হিসেবে লে. জে. টিক্কা খানকে নিয়োগ দেওয়া হয়। (বেলুচিস্তানের কশাই হিসেবে টিক্কা খানের কুখ্যাতি রয়েছে)। মূলত ইয়াহিয়া খানের ঘোষণা এবং প্রতিশ্রুতি দেশবাসীকে সন্দিহান করে তোলে। বিশেষ করে পূর্ব পাকিস্তানে এর প্রতিবাদ প্রবল হয়ে ওঠে। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সরকারের বিরুদ্ধে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার দাবিতে মিছিলে অংশগ্রহণ করে। ২ মার্চ আ.স.ম রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের দাবিতে সাড়া দিয়ে ৩ মার্চ অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন এবং সায়া পূর্ব পাকিস্তানে পূর্ণ দিবস হরতালের আহ্বান করেন। সামরিক কর্তৃপক্ষ এদিন শহরে সান্ধ্য আইন জারি করে।

৩ মার্চ বিকালে পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদ জনসভার আয়োজন করে। সান্ধ্য আইন উপেক্ষা করে এ জনসভায় জনতার ঢল নামে। এ জনসভায় শেখ মুজিবুর রহমান অভিযোগ করে বলেন যে, যখন জাতীয় পরিষদের সব সদস্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং পশ্চিম পাকিস্তান থেকে কতিপয় সদস্য ঢাকায় উপস্থিত হলেন, তখন অধিবেশন স্থগিত রেখে কেবলমাত্র গণতান্ত্রিক পদ্ধতিকেই ব্যাহত করা হয়েছে। এ জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারকে পুলিশের নির্যাতন ও সান্ধ্য আইন প্রত্যাহার করতে বলেন এবং একই সাথে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর প্রদান বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি একে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেন এবং এ সংগ্রামে জনগণের অংশগ্রহণকে অপরিহার্য বলে মনে করেন। শেখ মুজিবুর রহমান নিরস্ত্র মানুষের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেন। এর প্রতিবাদস্বরূপ তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। মাওলানা ভাসানী, অধ্যাপক মোজাফফর আহমদ, নুরুল আমীন সহ অন্যান্য নেতারা আওয়ামী লীগ আহূত অহিংস অসহযোগ আন্দোলনকে সমর্থন করেন। সারা দেশব্যাপী শুরু হয় অসহযোগ আন্দোলন। জনগণ অকুণ্ঠভাবে অসহযোগ আন্দোলন সফল করে তোলে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ